Facebook Twitter Instagram YouTube

পাইকারিতে দাম বৃদ্ধিতে রাজধানীর বাজারে ফের চড়া সবজি


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ / ০
পাইকারিতে দাম বৃদ্ধিতে রাজধানীর বাজারে ফের চড়া সবজি

মাত্র দুই সপ্তাহের সাময়িক স্বস্তি ফুরিয়ে রাজধানীর সবজির বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। পাইকারি আড়তগুলোতেই দর চড়া থাকায় তার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। ফলে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়ছেন সীমিত ও মধ্যম আয়ের ক্রেতারা। আড়তদার ও বিক্রেতাদের দাবি, ঋতু পরিবর্তনের এই সময়ে ক্ষেতে উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন সংকটের কারণে সরবরাহে টান পড়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই দামের ওপর নিয়ন্ত্রণ রাখা হচ্ছে না, যার পুরো মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।

কয়েক দিনের ব্যবধানে বাজারে বেশ কয়েকটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি লাফিয়েছে গাজরের দাম; আগে যা কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় মিলত, তা এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। মাছ ও মাংসের বাড়তি দর থাকায় বহু পরিবার আগেই খাদ্যতালিকা থেকে প্রোটিনের পরিমাণ কমিয়ে সবজির ওপর ভরসা বাড়িয়েছিল। এখন সবজির দামও নাগালের বাইরে চলে যাওয়ায় প্রতিদিনের বাজার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ। ফলে অনেকে বাধ্য হয়ে আলু ও ডিমের মতো তুলনামূলক কম দামি খাবারের দিকে ঝুঁকছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুর ৬০ ফুট এলাকার বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের এই চড়া দরের চিত্র চোখে পড়ে। বাজারগুলোতে প্রতি কেজি আলু বিকোচ্ছে ৩০ টাকায়, পটল ৭০ থেকে ৮০ টাকা, আর বেগুন ও শিম উভয়ই বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে। এছাড়া প্রতি কেজি ঢেঁড়শ ১০০ টাকা, টমেটো ১৮০ টাকা, পেঁপে ৩৫ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা এবং চিচিঙ্গা ১০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

শীতকালীন সবজি ফুলকপি ও বাঁধাকপির বাজারও বেশ গরম। বাজারে প্রতিটি ফুলকপি বিকোচ্ছে ৬০ থেকে ৭০ টাকায় এবং বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকায়। প্রতি পিস লাউয়ের দাম চাওয়া হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, আর কাঁচা কলা হালিপ্রতি (চারটি) বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শাকের বাজারে প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, কলমিশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রোটিনের বাজারেও ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর নেই। বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়, আর সাদা ডিম মিলছে ১২০ টাকায়। এর ফলে কম খরচে পরিবারের পুষ্টি চাহিদা মেড়ানো কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে, মাছের বাজারে রুই মাছ প্রতি কেজি ৪০০ থেকে শুরু করে ৫২০ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। ছোট মলা ও চিংড়িসহ অন্যান্য মাছের দর কেজিপ্রতি ৫০০ থেকে ১২০০ টাকা ছুঁয়েছে।

মাংসের বাজারে খাসির মাংস কেজিপ্রতি ১২০০ টাকা এবং গরুর মাংস ৮২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মুরগির মধ্যে ব্রয়লার কেজিপ্রতি ১৯০ টাকা, কক মুরগি ৩৩০ টাকা ও দেশি মুরগি ৬৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানভেদে ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও সোনালি মুরগি ৩৩০ টাকা কেজিতেও পাওয়া যাচ্ছে। রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ টাকায় এবং ডিমের ডজন বিকোচ্ছে ১৪০ টাকায়।

মাংসের দর নিয়ে রায়ের বাজারের বিক্রেতা রবিউল মিয়া জানান, ‘মাংসের দাম আগের মতোই আছে। দাম বাড়েনি, আবার কমেনিও।’ বাজারে মাছ কিনতে আসা আকিব হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘আজকে শোল মাছ কিনেছি ৬০০ টাকা কেজি, দাম আগের মতোই আছে। আর ২৭০ টাকায় পাঙ্গাস কিনেছি; ছোট পাঙ্গাসের দাম কিছুটা কম।’

ক্রেতাদের মূল ক্ষোভ হলো বাজারে কোনো পণ্যের দাম এক-দুই দিন সামান্য কমলেও তা বেশি দিন স্থায়ী হয় না। অল্প সময়ের ব্যবধানে আবার দর বেড়ে যায়। বিশেষ করে সবজি বাজারের এই ঘনঘন দরপতন ও লাফিয়ে দাম বাড়ার প্রবণতা তাদের পুরো মাসের বাজেটকে এলোমেলো করে দিচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin