
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমের মিনি নিলামে বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও সেই তালিকায় দেখা মিলছে না নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমানের। শুরুতে নাম দিলেও শেষ মুহূর্তে বাঁহাতি এই পেসার নিজেকে নিলাম থেকে সরিয়ে নিয়েছেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দেশের সমর্থকদের সম্ভাব্য সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কা থেকেই মোস্তাফিজ এই সিদ্ধান্ত নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত আসরের তিক্ত অভিজ্ঞতা মোস্তাফিজের মনে এখনো গভীর দাগ ফেলে আছে। নিলামে অবিক্রিত থাকা কিংবা কোনো কারণে দল থেকে বাদ পড়ার শঙ্কায় তিনি নতুন করে সমালোচনার মুখে পড়তে চান না। সমর্থকদের একাংশ তাকে ‘অর্থলোভী’ আখ্যা দিতে পারে—মূলত এই ধরনের নেতিবাচক মন্তব্যের ভয় থেকেই তিনি মিনি নিলামে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ২০২৫ আইপিএলে অবিক্রিত থাকার পর মাঝপথে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। এরপর ২০২৬ সালের মিনি নিলামে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তুমুল লড়াইয়ের পর ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড দামে তাকে দলে ভেড়ায় কলকাতা। তবে নিলামে চড়া দামে বিক্রি হলেও রাজনৈতিক কারণ ও নিরাপত্তার অজুহাতে আইপিএল কর্তৃপক্ষ তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। ওই ঘটনার জেরে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হয়।
কলকাতা নাইট রাইডার্স কোনো ম্যাচ না খেলা মোস্তাফিজকে আসন্ন নিলামের আগে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে, যার ফলে দলটির তহবিলে ৯ কোটি ২০ লাখ রুপি যোগ হয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া কলকাতাকে আবারও মোস্তাফিজকে দলে নেওয়ার পরামর্শ দিলেও নিলামে নাম না থাকায় এবার আর কোনো ফ্র্যাঞ্চাইজিরই তাকে নেওয়ার সুযোগ থাকছে না। তবে আইপিএলে না খেললেও মোস্তাফিজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আইপিএলের একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাকে দেখা যেতে পারে, যেখানে গত বছর তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন।
আপনার মতামত লিখুন :