
চোটের কারণে গত চার মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন। তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডেঙ্গু শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফেসবুক পেজের অ্যাডমিন পরিচয়ে দেওয়া ওই পোস্টে জানানো হয়, পরীক্ষা-নিরীক্ষার পর নাহিদ রানার ডেঙ্গু ধরা পড়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি নিজের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন নাহিদ রানা। এর আগে থেকেই তার শিনে (পায়ের সামনের হাড়) সমস্যা ছিল। এই চোটের কারণে তিনি অস্ট্রেলিয়া সফর ও এশিয়ান গেমসসহ একাধিক সিরিজে খেলতে পারেননি। পুনর্বাসন চলাকালে কোমরের নিচের অংশ ও হিপ জয়েন্টে ব্যথা অনুভব করায় তাকে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছিল।
অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন নাহিদ রানা। এরপর তিনি পূর্ণ গতিতে বোলিং শুরু করলেও ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হতে আরও কিছুটা সময়ের প্রয়োজন ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনা থাকলেও টিম ম্যানেজমেন্ট সতর্কতার কারণে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায়নি। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সেই ফেরার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে নামার প্রস্তুতির মধ্যেই এই নতুন অসুস্থতা তার ফেরার অপেক্ষা আরও দীর্ঘ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :