Facebook Twitter Instagram YouTube

সহকারী কর কমিশনারের সঙ্গে প্রতারণার দায়ে এএসপি সোহেল বরখাস্ত


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ /
সহকারী কর কমিশনারের সঙ্গে প্রতারণার দায়ে এএসপি সোহেল বরখাস্ত

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত ১২ জুলাই রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, জনস্বার্থেই তাকে সরকারি দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন। বরখাস্ত থাকাকালীন সোহেল উদ্দিন বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এই শাস্তিমূলক ব্যবস্থার পেছনে থাকা আইনি লড়াইয়ের সূত্রপাত হয় ২০২২ সালের ২৩ নভেম্বর। তৎকালীন সহকারী কর কমিশনার তানজিনা সাথী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল উদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের পরিচয় হয় এবং এক পর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে সোহেল উদ্দিন বাদী ও তার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা হাতিয়ে নেন।

অভিযোগে আরও বলা হয়, টাকা নেওয়ার পর সোহেল উদ্দিন বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করেননি এবং অর্থও ফেরত দেননি। এই মামলায় আদালত ইতিপূর্বে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এছাড়া সোহেল উদ্দিনের স্ত্রীর দায়ের করা যৌতুক সংক্রান্ত আরেকটি মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে।