
তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬ – ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’। সোমবার বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোর্শেদা চৌধুরী অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম এবং একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তাভাবনা এবং নৈতিক উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা জাতীয় উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যান্য অতিথিবৃন্দও উদ্ভাবননির্ভর উদ্যোক্তা কার্যক্রমের ওপর আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল ধারণাগুলোকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলো টেকসই উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, আইন সেবা, পর্যটন ও সামাজিক উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম. মোকবুল হোসেন, জয়েন্ট রেজিস্ট্রার মো. কামরুল হোসেন ও এ.এন.এম. আহসান তৌহিদ মিল্টন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিলসহ বিচারক, মেন্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :