Facebook Twitter Instagram YouTube

দেশের উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ /
দেশের উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) এই কর্মসূচি শুরুর আগে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই মিলে যেভাবে স্বৈরাচার হটিয়েছি, ঠিক সেভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময়ও সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিল। এই জাতীয় ঐক্য বজায় থাকলে দেশের মানুষ উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।

নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ঘরবাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ ও হাসপাতালসহ আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং পরিবেশ সুন্দর রাখার দায় আমাদের সবার।

সাগরদী খালের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খালটির যত্ন নেওয়া শুধু সিটি করপোরেশনের কাজ নয়, এর দুপাশে বসবাসকারী প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। খালের পানিতে প্লাস্টিকের বোতল বা পলিথিন না ফেলার জন্য তিনি উপস্থিত সবার প্রতি অনুরোধ জানান। সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়ে তিনি বলেন, ময়লা ফেলার জন্য বিন ব্যবহারের বিষয়টি মাইকে প্রচার করতে হবে এবং বাসা-বাড়ির সুয়ারেজ লাইনের সংযোগ যাতে খালের পানিতে না মিশে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, নিজেদের পরিবেশ নিজেরা রক্ষা না করলে এর ভুক্তভোগী আমাদেরই হতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মাসুদ আহমেদ তালুকদার এবং সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন উপস্থিত ছিলেন। তারা খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন।