
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। ২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ৩৩ বছর বয়সী এই তারকা ১৩টি ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই তিনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলকিপারের মর্যাদা অর্জন করবেন।
এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মাঠে নেমে তিনি ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন। ফিল্লোল ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে এই ১৩টি ম্যাচ খেলেছিলেন, যা দীর্ঘ ৪৪ বছর ধরে অক্ষত ছিল। এবার সেই রেকর্ডটি নিজের একক দখলে নেওয়ার অপেক্ষায় মার্টিনেজ।
এই অবস্থানে পৌঁছানোর পথে মার্টিনেজ পেছনে ফেলেছেন সার্জিও রোমেরোকে, যিনি ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে গোলকিপারদের তালিকায় এরপর রয়েছেন নেরি পুম্পিদো, যিনি ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছেন। এছাড়া সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার নামের পাশে রয়েছে ৬টি করে ম্যাচ। রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ।
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯ জন গোলকিপার মাঠে নেমেছেন। তবে তাদের মধ্যে ফিল্লোল ও মার্টিনেজের উচ্চতায় আর কেউ পৌঁছাতে পারেননি।
আপনার মতামত লিখুন :