Facebook Twitter Instagram YouTube

কেরানীগঞ্জে সড়কে ময়লা ফেলতে গিয়ে ইউএনওর হাতে ধরা পড়লেন ব্যক্তি


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ /
কেরানীগঞ্জে সড়কে ময়লা ফেলতে গিয়ে ইউএনওর হাতে ধরা পড়লেন ব্যক্তি

ঢাকার কেরানীগঞ্জে সড়কের ওপর যত্রতত্র ময়লা ফেলার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের হাতে ধরা পড়েছেন আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। সোমবার সকালে কদমতলী গোলচত্বর এলাকায় পরিদর্শনকালে ইউএনও তাঁকে আটক করেন। ওই ব্যক্তির বয়স বিবেচনায় কারাদণ্ড বা অর্থদণ্ড না দিয়ে, শাস্তিস্বরূপ নিজের খরচে সড়কের ওপর ফেলা ময়লার স্তূপ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তুলতে সম্প্রতি নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে কদমতলী গোলচত্বর, শুভাঢ্যা বেগুনবাড়ি, শুভাঢ্যা নাজিরেরবাগ, বন্দডাকপাড়া, আগানগর ও জিনজিরা এলাকার প্রধান সড়কে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

ইউএনও উমর ফারুক জানান, সড়কে যত্রতত্র ময়লা ফেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, থানা-পুলিশ, গ্রাম পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত নজরদারি অব্যাহত রাখবেন। তিনি আরও বলেন, ‘ক্লিন কেরানীগঞ্জ, গ্রিন কেরানীগঞ্জ’ গড়ে তুলতে সব শ্রেণি-পেশার মানুষের সচেতন অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম কেরানীগঞ্জকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর উপজেলা হিসেবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে উপজেলা প্রশাসনকে পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও অনেকে তা উপেক্ষা করায় এবার কঠোর অবস্থানে যাচ্ছে উপজেলা প্রশাসন।