Facebook Twitter Instagram YouTube

বরিশালে প্রধানমন্ত্রীর আগমন: ৪০ কিলোমিটার দীর্ঘ মানবপ্রাচীরে বর্ণিল অভ্যর্থনা


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ /
বরিশালে প্রধানমন্ত্রীর আগমন: ৪০ কিলোমিটার দীর্ঘ মানবপ্রাচীরে বর্ণিল অভ্যর্থনা

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে এসেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদীতে পৌঁছালে স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে দাঁড়িয়ে অভিনব মানবপ্রাচীর তৈরি করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে এই সফরে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হয়নি, বরং সাদামাটা আয়োজনেই তাকে বরণ করে নেওয়া হয়।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরের দিকে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকায় সাগরদী খালের পাশে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে তার অংশগ্রহণের কথা রয়েছে। সেখানে জিআই পণ্য হিসেবে স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছসহ শতাধিক দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে।

বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সভায় বরিশাল বিভাগের সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সভা শেষে সড়কপথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ভোগান্তি এড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে দেখা হয়েছে।