বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে মাঠের উত্তেজনার পাশাপাশি শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। এই বিতর্কে নতুন করে জড়িয়ে পড়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রাহয় স্প্যানিশ সংবাদমাধ্যম এল দিবাতে প্রকাশিত একটি নিবন্ধে ফ্রান্স জাতীয় দল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেন, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্সের দলে বিশ্বমানের খেলোয়াড় থাকলেও সেখানে আসলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’, যদিও তারা দুর্দান্ত খেলছে।
রাহয়ের এই মন্তব্যের পর ফ্রান্সে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতা তার এই বক্তব্যকে বর্ণবাদী ও বিভাজনমূলক বলে তীব্র নিন্দা জানিয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ রোববার বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাহয়ের এই মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ফ্রান্স এমন একটি দেশ যেখানে বৈচিত্র্যই মূল শক্তি এবং বিভিন্ন পটভূমির মানুষ এখানে সমানভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পায়।
বিষয়টি নিয়ে স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি রাহয়ের মন্তব্যকে বিদেশিবিদ্বেষী হিসেবে অভিহিত করেন। সানচেজ লিখেছেন, এখনও এমন মানুষ রয়েছেন যারা কোনো দেশের নাগরিকত্বকে পদবি, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে বিচার করেন। অথচ প্রকৃত পরিচয় নির্ধারিত হওয়া উচিত দেশের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা এবং অবদানের ভিত্তিতে।
আপনার মতামত লিখুন :