বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী লড়াইয়ের পথে সেমিফাইনাল পর্যায়ে পৌঁছেছে টুর্নামেন্ট। প্রথম সেমিফাইনালে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন একে অপরের মুখোমুখি হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার জন্য ফিফা এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বারটনকে চূড়ান্ত করেছে।
চলতি বিশ্বকাপে এটি ইভান বারটনের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে। এর আগে তিনি গ্রুপ পর্বে তুরস্ক-প্যারাগুয়ে এবং জাপান-সুইডেনের ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শেষ ষোলোর লড়াইয়ে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এই ম্যাচ পরিচালনার মাধ্যমে তিনি পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল পরিচালনা করা প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে নতুন ইতিহাস গড়তে চলেছেন।
কনকাকাফ অঞ্চলের পরিচিত মুখ বারটন আন্তর্জাতিক অঙ্গনে নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় প্রতিযোগিতায় নিয়মিত ম্যাচ পরিচালনা করেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের মাধ্যমে বিশ্বমঞ্চে তার অভিষেক হয়। চলতি আসরে তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি আলোচনায় এসেছিলেন। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন প্রতিপক্ষের খেলোয়ার মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু বলার পর ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে বারটন তাকে সরাসরি লাল কার্ড দেখান। বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার অভিযোগে এটিই ছিল প্রথম লাল কার্ডের ঘটনা।
ফ্রান্স ও স্পেনের মধ্যকার এই সেমিফাইনাল ম্যাচে বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাহবোদ বেগি।
আপনার মতামত লিখুন :