Facebook Twitter Instagram YouTube

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, লুট ৩৫ লাখ টাকা


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ /
চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, লুট ৩৫ লাখ টাকা

চট্টগ্রাম নগরের চকবাজার-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে একদল মুখোশধারী সশস্ত্র ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং নগদ প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনার বিষয়ে চকবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. রবিউল হোসেন রাকিব জানান, দুপুর নাগাদ ৩০ থেকে ৩৫ জনের একটি সশস্ত্র দল অফিসে প্রবেশ করে। হামলাকারীদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা উপস্থিত কর্মীদের ভয়ভীতি দেখিয়ে অফিসের কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ভেঙে ফেলে এবং নগদ টাকা লুট করে। এর ফলে প্রতিষ্ঠানটির বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

মো. রবিউল হোসেন রাকিব আরও দাবি করেন, এর আগেও একটি চাঁদাবাজ চক্র তাদের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেছিল। তাদের সন্দেহ, আগের সেই চাঁদা দাবির ঘটনার সঙ্গে এই হামলার সরাসরি যোগসূত্র রয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তসহ প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।