Facebook Twitter Instagram YouTube

দুই দশকের বিচারিক দায়িত্ব শেষে অবসরে বিচারপতি মো. আশফাকুল ইসলাম


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ /
দুই দশকের বিচারিক দায়িত্ব শেষে অবসরে বিচারপতি মো. আশফাকুল ইসলাম

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় বিচারিক দায়িত্ব পালনের পর অবসরে গেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চে আয়োজিত তার বিদায় সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নিজের বিদায় সংবর্ধনায় বিচারপতি মো. আশফাকুল ইসলাম বলেন, বিচার বিভাগ শুধু বিচারক বা আইনজীবীদের নয়, বরং এটি আমাদের সবার প্রতিষ্ঠান। তিনি উল্লেখ করেন যে, বিচার বিভাগের শক্তি সম্মিলিত প্রয়াসের ফল। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বার ও বেঞ্চ বিচার বিভাগের কল্যাণে একসঙ্গে কাজ করে যাবে। সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল হিসেবে অভিহিত করে তিনি বলেন, একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি নয়, বরং সংবিধান, আইন ও বিবেকের প্রতি।

নবীন আইনজ্ঞদের উদ্দেশ্যে তিনি বলেন, সততা, চরিত্র ও অধ্যয়ন একজন আইনজ্ঞের সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত আইন ও সংবিধান পড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় জ্ঞান অর্জনের পরামর্শ দেন তিনি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিচার বিভাগকে আরও দক্ষ, আধুনিক ও সেবামুখী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচার বিভাগকে মামলার জট কমানোর পাশাপাশি দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিচক্ষণ ব্যবহার বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধি ও মানুষের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি বলেন, বিচারকের আসন থেকে বিদায় নিলেও ন্যায়ের আদর্শ, আইনের শাসন ও সংবিধানের প্রতি তার অঙ্গীকার আজীবন অটুট থাকবে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।