
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন যে, অতীতে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জামায়াত জোট করেনি। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে আইনমন্ত্রীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদ অধিবেশনে জামায়াত আমির বলেন, তিনি জুলাইয়ের বক্তব্য শুনতে চেয়েছিলেন, কিন্তু অনেকে ইতিহাসের পেছনের দিকে গিয়ে ১৯৯৬ সাল পর্যন্ত টেনে এনেছেন। তিনি আরও বলেন, তারা চাইলে ১৯৯১ সালেও যেতে পারতেন। যারা ১৯৯৬ সালের জোট নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সে সময় আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট হয়নি।
ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন যে, জামায়াতের জোট অতীতে শুধুমাত্র বিএনপির সঙ্গেই হয়েছে। এর বাইরে অন্য কারও সঙ্গে জোটের দাবিকে তিনি সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেন। তিনি বলেন, যারা এ ধরনের কথা বলেন, তাদের ইতিহাস সম্পর্কে জানার ঘাটতি রয়েছে এবং এটি তাদের রাজনীতিতে অনভিজ্ঞতার বহিঃপ্রকাশ।
মন্ত্রিপরিষদের সদস্যদের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, যখন মন্ত্রীরা বক্তব্য দেবেন, তখন সঠিক তথ্য আশা করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলনের কারণ নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করতে চান না জানিয়ে বলেন, সুযোগ পেলে এই হাউজে বিষয়টি নিয়ে তিনি ভবিষ্যতে কথা বলবেন।
জামায়াত আমির বলেন, আমি সংসদে জুলাইয়ের বক্তব্য শুনতে চেয়েছিলাম। অনেকে আবার পেছনের দিকে দৌড়াতে গিয়ে ৯৬ (১৯৯৬) সাল পযর্ন্ত গেলেন। তারা আরও একটু গেলে ৯১ (১৯৯১) সালে যেতে পারতেন। আপনি ৯৬ সালে থেমে গেলেন কেন? ৯৬ এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে।
তিনি বলেন, ১৯৯৬ সালে একসঙ্গে (আওয়ামী লীগের সঙ্গে) আমরা জোট করিনি। আমাদের জোট হয়েছে বিএনপির সঙ্গে। এর বাইরের কারও সঙ্গে জোট হয়নি। যদি এটা বলা হয় তবে ১ থেকে ১০০ পর্যন্ত পুরোটাই মিথ্যা। যারা বলেন এটা তাদের ইতিহাস জানার কমতি, এটা তাদের রাজনীতিতে অনভিজ্ঞতা।
আপনার মতামত লিখুন :