Facebook Twitter Instagram YouTube

সংবিধান সংস্কার নয়, সংশোধনের পক্ষে বিএনপি: মির্জা ফখরুল


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ /
সংবিধান সংস্কার নয়, সংশোধনের পক্ষে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি কখনোই সংবিধান ‘সংস্কার’ নয়, বরং শুরু থেকেই সংবিধান ‘সংশোধন’ করার পক্ষে কথা বলে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘জুলাই সনদের’ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা আমাদের কমিটমেন্ট।’ তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থানকে ইচ্ছাকৃতভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দলটির নির্বাচনী অঙ্গীকার ও জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সনদের বিষয়গুলো বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। সংবিধানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সংবিধান সংশোধনের বিষয়ে জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেট অনুযায়ী সংসদে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘উচ্চকক্ষ গঠন, আনুপাতিক প্রতিনিধিত্ব এবং গণভোটসংক্রান্ত কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো ঐকমত্য হয়নি। এসব প্রস্তাব সংস্কার কমিশন বিএনপির সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা যেসব বিষয়ে একমত ছিলাম না, সেগুলো আমাদের কনসেন্ট ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জুলাই সনদের প্রতি আমাদের অঙ্গীকারে কোনো ঘাটতি নেই।’

সংস্কারের বিষয়ে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, অতীতে বড় ধরনের গণতান্ত্রিক সংস্কার বিএনপির হাত ধরেই হয়েছে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহদলীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান সবই বিএনপির উদ্যোগে বাস্তবায়িত হয়েছিল। তাই বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, কেউ কেউ জুলাই সনদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন, তবে জনগণ সব বুঝতে সক্ষম।

জুলাই আন্দোলনকে দীর্ঘ ১৮-১৯ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা আন্দোলনের চূড়ান্ত পরিণতি হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, ‘জুলাইকে আমরা ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানাতে চাই না।’ তিনি স্মরণ করিয়ে দেন যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ এই লড়াইয়ে দলের লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন। পরিশেষে তিনি প্রফেসর এমাজউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin