Facebook Twitter Instagram YouTube

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই নয়, সম্ভাব্য সময় ঘোষণা


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ /
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই নয়, সম্ভাব্য সময় ঘোষণা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করলেও প্রশাসনিক বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরি হচ্ছে। তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করা না হলেও, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে চলতি জুলাই মাসের মধ্যেই এই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং সে অনুযায়ী শিক্ষামন্ত্রী বোর্ডগুলোকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। বোর্ডগুলো সে অনুযায়ী কাজও শুরু করেছিল। তবে বর্তমানে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের ব্যস্ততার কারণে প্রত্যাশিত সময়ে ফল তৈরির কাজ শেষ করা সম্ভব হয়নি।

ফল প্রকাশে কিছুটা বিলম্ব হলেও খুব বেশি দেরি হবে না বলে আশ্বস্ত করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি সেটা আমরা পারবো। এই মাসের মধ্যেই কাজ গুছিয়ে ফল প্রকাশ করা সম্ভব হবে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। উল্লেখ্য, এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin