
অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের পশ্চিমে অবস্থিত হুসান গ্রামে ফজরের আজান দিতে বাধা প্রদান করেছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সেনারা এই সময় স্থানীয় একটি মসজিদে অতর্কিত অভিযান চালায়। তারা আজান ও নামাজ আদায়ে বাধা দেওয়ার পাশাপাশি মসজিদে উপস্থিত মুসল্লিদের জোরপূর্বক বের করে দেয়। অভিযানের সময় সেনারা মুসল্লিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও বিষাক্ত টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
একই সময়ে বেথলেহেমের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-আরকুব গ্রামের প্রবেশপথ ও সবকটি গেট বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এছাড়া নাহালিন শহর থেকে আসা এক বাসিন্দার ওপর হামলার ঘটনাও ঘটেছে। ওই ব্যক্তি যখন শহরটিকে গভর্নর অফিসের বাকি অংশ থেকে পৃথককারী প্রধান গেটটি পার হচ্ছিলেন, তখন সেনারা তাকে মারধর করে।
আপনার মতামত লিখুন :