Facebook Twitter Instagram YouTube

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল আইআরআই


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ /
ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল আইআরআই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা। বৃহস্পতিবার ইরানপন্থি এই সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে এই বিশাল অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

সংগঠনটির দাবি, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানে গঠিত তহবিল থেকেই এই ১ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তিতে থাকতে পারবে না এবং সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী নিরাপদ আশ্রয় পাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তাদের যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়া একটি ‘বাধ্যতামূলক অঙ্গীকার’। সংগঠনটি জানায়, ‘শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে, যতক্ষণ না আগ্রাসীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।’

গালফ নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার ঘটনায় তার ভূমিকা ছিল। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যের জের ধরেই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তার মাথার জন্য এই পুরস্কার ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৫: ৩৮আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৫: ৫৫

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh