Facebook Twitter Instagram YouTube

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে উচ্ছেদ: প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ /
কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে উচ্ছেদ: প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ ভবন থেকে প্রবাসীদের উচ্ছেদের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসীদের আবাসনের বৈধ কাগজপত্র সবসময় হালনাগাদ রাখার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে, বাইরে চলাচলের সময় প্রত্যেককে নিজস্ব সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস।

কুয়েতের সরকারি কর্তৃপক্ষ বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সম্প্রতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করার অভিযান শুরু করেছে। এই উচ্ছেদ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। উচ্ছেদ হওয়া প্রবাসীদের জন্য কুয়েত সরকার হাসাবিয়া এলাকায় একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেছে, যেখানে খাদ্য, পানীয় এবং শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে।

বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে। দূতাবাসের কাউন্সিলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর শোয়াইব-উল-ইসলাম তরফদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি সেখানে কুয়েতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রবাসীদের খোঁজখবর নেন।

কুয়েতি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করে ফেরত পাঠানো এবং ঝুঁকিপূর্ণ ভবন খালি করার উদ্দেশ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে দেশটির অন্যান্য এলাকাতেও এ ধরনের অভিযান চলমান থাকতে পারে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাচাই-বাছাই শেষে যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, তাদের আশ্রয়কেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অবৈধ প্রবাসীদের নির্বাসন কেন্দ্রের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin