
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা বৃদ্ধির জেরে শনিবার বাহরাইনে পঞ্চমবারের মতো বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এই উত্তেজনাকর পরিস্থিতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে দেশের নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। সেখানে তাদের 'শান্ত থাকার এবং নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার' পরামর্শ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও সম্পদ থাকায় দেশটি ইরানের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এই তুমুল গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র বিনিময় এমন এক সময়ে ঘটছে, যার কিছুদিন আগেই একটি শান্তি চুক্তি হয়েছিল। যুদ্ধ সমাপ্তি ও স্থায়ী শান্তি বজায় রাখার লক্ষ্যে গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। কিন্তু সেই চুক্তি সত্ত্বেও অঞ্চলটিতে সংঘাত থামেনি।
আপনার মতামত লিখুন :