Facebook Twitter Instagram YouTube

উজিরপুরে ৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ /
উজিরপুরে ৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

বরিশালের উজিরপুর উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। বুধবার (২২ জুলাই) উপজেলার হারতা বাজারে পরিচালিত এই অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করা হয়। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। অভিযানে মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী এবং উজিরপুর মডেল থানার এসআই মো. ফাহাদের নেতৃত্বে পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮৯টি বোডা জাল উদ্ধার করা হয়। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, হারতা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নিষিদ্ধ জালের বেচাকেনা চলছিল। এসব জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ এবং গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে মৎস্য বিভাগ এই অভিযান জোরদার করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানিয়েছেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে তাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবৈধ জাল মজুদ, বিক্রি বা ব্যবহারের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh