Facebook Twitter Instagram YouTube

টিসিবির জন্য রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব প্রত্যাহার করল সরকার


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ /
টিসিবির জন্য রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব প্রত্যাহার করল সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই তেল সংগ্রহের জন্য সরকারের ব্যয় ধরা হয়েছিল ২৬১ কোটি ৬৭ লাখ টাকা।

প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে তেল কেনার পরিকল্পনা ছিল। এর মধ্যে ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার করে এবং যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ও ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার করে তেল সংগ্রহের কথা ছিল। প্রতিটি লিটারের দাম নির্ধারণ করা হয়েছিল ১৮১ টাকা ৫০ পয়সা। তবে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে পরে যোগাযোগ করে জানা গেছে যে, ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই প্রস্তাবটি প্রত্যাহার করেছে।

একই বৈঠকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। মূল চুক্তির ৩৭ কোটি ৭৭ লাখ টাকার বিপরীতে নকশা পরিবর্তন ও প্রাক্কলনে ত্রুটির কারণে আরও ৭ কোটি ৩৩ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির চুক্তিমূল্য বেড়ে দাঁড়াবে ৪৫ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা, যা মূল চুক্তির তুলনায় প্রায় ১৯ দশমিক ৪২ শতাংশ বেশি।

এ ছাড়া সভায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৪৫ কোটি ৬৮ লাখ টাকার পরামর্শক নিয়োগ এবং খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কেনার লক্ষ্যে ১১১ কোটি টাকার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo