Facebook Twitter Instagram YouTube

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ /
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে কাজ করছে। বুধবার (২২ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ইসি স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী অক্টোবরে প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে। তবে নির্বাচন কয়টি ধাপে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। কমিশন কম সময়ে বেশি নির্বাচন আয়োজনের ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে।

নির্বাচন কমিশনার জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা উপজেলা—কোনটি আগে অনুষ্ঠিত হবে, তা এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি ঠিক করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে যে প্রতিষ্ঠানের নির্বাচন শুরু করা হবে, সেটি শেষ করা হবে। এছাড়া আইনি বাধ্যবাধকতা বা আদালতের কোনো নির্দেশনা থাকলে সেটিকেও গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ বা প্রবাসী ভোটারদের অংশগ্রহণের বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার মাত্রা কমিয়ে আনতে কমিশনের সর্বাত্মক প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, গত নির্বাচন থেকে শুরু হওয়া রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নির্বাচনী আচরণবিধি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি। বর্তমান আইন নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পর্যবেক্ষণের ভিত্তিতে আইন সংশোধন করা হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তাই নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh