
ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন এখনো অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না—সরকারের কাছ থেকে এমন স্পষ্ট আশ্বাস পেলেই তিনি তার অনশন কর্মসূচি প্রত্যাহার করবেন।
ওয়াংচুক বলেন, গত সোমবারের ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ বিক্ষোভকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হলে তিনি অনশন ভাঙবেন। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং নিট ইস্যুতে সংসদে অর্থবহ আলোচনা করার আশ্বাস দিয়েছেন। সরকারও এ বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে।
এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ অভিযোগে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত বিক্ষোভের দিনের সব সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট রেকর্ড সংরক্ষণের নির্দেশও দিয়েছে।
আপনার মতামত লিখুন :