Facebook Twitter Instagram YouTube

অনশন ভাঙছেন না সোনাম ওয়াংচুক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপি-র


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ /
অনশন ভাঙছেন না সোনাম ওয়াংচুক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপি-র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান অনশন ভাঙবেন না শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তার এই বার্তার পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, তারা আন্দোলন চালিয়ে যাবে। বুধবার বিকেলে সোনাম ওয়াংচুক এক বিবৃতিতে জানান, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাকে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়টি 'বিবেচনা করে দেখবেন' বলে আশ্বাস দিয়েছেন। তবে এই আশ্বাসে অনশন শেষ করার বা আন্দোলন থামানোর কোনো ইঙ্গিত নেই।

সোমবার 'সংসদ অভিযান'-এর দুই দিন পর বুধবার বিকেলেও যন্তর মন্তরে শত শত আন্দোলনকারী উপস্থিত রয়েছেন। দিল্লির তীব্র গরম, আর্দ্র আবহাওয়া ও মাঝে মাঝে বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেনামী ব্যক্তিরা ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিক্ষোভকারীদের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে।

বিক্ষোভ মোকাবিলায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ২০ কোম্পানি সদস্যকে বিমানে করে দিল্লিতে আনা হয়েছে এবং বুধবারও দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

এদিকে, মঙ্গলবার রাত পর্যন্ত সরকারের অবস্থানে বড় কোনো পরিবর্তনের ছাপ পাওয়া যায়নি। রাত ১০টা ৫১ মিনিটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক্স হ্যান্ডেলে এক পোস্টে আন্দোলনকারীদের দাবিকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। নিট প্রশ্নপত্র ফাঁস ও ২০ জন পরীক্ষার্থীর আত্মহত্যার দায় নিয়ে তার পদত্যাগের দাবি থাকলেও, তিনি লিখেছেন, "সংসদের অধিবেশনে নিট নিয়ে আলোচনা করতে এবং আমাদের তরুণদের প্রতিটি যৌক্তিক উদ্বেগের সুরাহা করতে আমাদের সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার চেয়ে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য ভারতের শিক্ষার্থীরা।"

সরকারের পক্ষ থেকে এই বিক্ষোভকে রাজনৈতিক মদতপুষ্ট হিসেবেই দেখা হচ্ছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্রদের 'রাজনৈতিক উদ্দেশ্যে' হাতিয়ার করা হচ্ছে, যা দিল্লির এমপি বাঁসুরি স্বরাজও সমর্থন করেছেন। এছাড়া, মঙ্গলবার এনডিএ-র এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, "আমরা ভারতের যুবসমাজের বিশ্বাস অর্জন করব।"

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh