
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের আশঙ্কায় বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার ও বান্দরবান জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় বসবাসকারীদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার জন্য সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :