
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের দক্ষ ও যোগ্য জনশক্তি হিসেবে গড়ে তোলা। বুধবার রাজধানীর মিরপুরে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস-ইউসেপ বাংলাদেশ আয়োজিত বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। এমন একটি সমাজ বিনির্মাণ করা হবে যেখানে তরুণদের মধ্যে নৈতিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা ও সামাজিক শিষ্টাচারের বিকাশ ঘটবে।
শিক্ষাব্যবস্থায় শিল্পখাত ও অ্যাকাডেমিয়ার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিক কোলাবরেশনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উপযুক্ত করে গড়ে তোলাই হবে নতুন শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য। তিনি জানান, সরকারি, বেসরকারি, বিদেশ এবং উদ্যোক্তা—এই চারটি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সবার চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার প্রয়োজন নেই; বরং শিক্ষার্থীর আগ্রহ ও দক্ষতার ওপর ভিত্তি করে তাদের সুযোগ তৈরি করে দিতে হবে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, বর্তমানে ২৩টি মন্ত্রণালয় বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিচালনা করছে। এসব প্রশিক্ষণের কারিকুলাম, সার্টিফিকেশন ও মান বজায় রাখার জন্য একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে। এনএসডিএ-এর সনদ যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠিত হয়, সে লক্ষ্যেই কাজ চলছে।
ইউসেপ বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিত হওয়া উৎসাহব্যঞ্জক। তবে এই মডেলকে সারা দেশে ছড়িয়ে দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যেন রাজধানীর শিক্ষার্থীদের মতো একই সুযোগ পায়, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। পরিশেষে তিনি বলেন, সরকারের ভূমিকা হবে নীতিগত সহায়তা প্রদান করা, আর বেসরকারি খাত হবে দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনের মূল চালিকাশক্তি। সরকার দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শ্রমিকবান্ধব সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই ঈদের সময় শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ দেখা যায়নি এবং বকেয়া বেতন ও বোনাস নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, আর এই জনগণের একটি বড় অংশ তরুণ সমাজ।
আপনার মতামত লিখুন :