
সিলেটের দক্ষিণ সুরমার জরাজীর্ণ কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় টার্মিনালের প্রধান সড়ক ও সামনের ভাঙাচোরা অংশ দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মূলত কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের জরাজীর্ণ সড়কের ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরদিনই বুধবার সকালে সিসিক প্রশাসকের এই পরিদর্শন ও সংস্কার উদ্যোগের ঘোষণা আসে।
পরিদর্শনকালে স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকরা সিসিক প্রশাসকের কাছে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, সড়কের বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। এ অবস্থায় তারা অবিলম্বে সড়কটি মেরামতের জোরালো দাবি জানান।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশন নগরবাসীর দুর্ভোগ কমাতে বিভিন্ন সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ করছে। একইসঙ্গে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, টার্মিনাল থেকে হুমায়ুন রশীদ চত্বর হয়ে মেন্দিবাগ-কুমারপাড়া-এয়ারপোর্ট পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের জন্য একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত সওজের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে সওজের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সিসিকের পক্ষ থেকেই বড় বড় গর্ত দ্রুত ভরাট এবং প্রয়োজনীয় সাময়িক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রশাসক। তিনি বলেন, শিগগিরই এই কাজ শুরু হবে। পরিদর্শনকালে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :