Facebook Twitter Instagram YouTube

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ /
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন চিকিৎসাধীন ছিলেন। এই তিনজনকে নিয়ে চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৭ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৫১ জনের মৃত্যু হলো।

এদিকে, গত এক দিনে নতুন করে আরও ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০৮ জনে।

একই সময়ে নতুন করে আরও ৯৬৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে চলতি বছরে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ জনে।

সারাদেশে হামের এই সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din