
মেটার সিইও মার্ক জাকারবার্গ তার প্ল্যাটফর্মগুলোতে শিশু যৌন নির্যাতনের কনটেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং অপারেশনাল ত্রুটির জন্য ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন। বুধবার এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে ফেলার পর ভারত সরকার মেটাকে তলব করেছিল। এরই পরিপ্রেক্ষিতে মেটার গ্লোবাল টিম ভারতের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, মেটা টিমকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা ‘মধ্যস্থতাকারী’ হিসেবে আইটি অ্যাক্টের ‘সেইভ হারবার’ সুবিধার আওতাভুক্ত নয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি নিজেই ঠিক করে কারা কনটেন্ট দেখতে পাবে, তাই তারা এই বিশেষ সুরক্ষার দাবি করতে পারে না। মেটার কর্মকর্তারা স্বীকার করেছেন যে, নির্দিষ্ট কিছু কনটেন্টে বুস্ট দেওয়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। অবৈধ কনটেন্ট প্রচারের বিষয়টি মেটা কর্তৃপক্ষ মেনে নিয়েছে বলেও ভারতীয় সূত্রগুলো জানিয়েছে।
এর আগে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও মুছে ফেলার ঘটনায় মেটা সিইও মার্ক জাকারবার্গকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছিল ভারত সরকার। এই সময়ের মধ্যে ক্ষমা চাওয়া অথবা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া ভারতের সংসদীয় কমিটি প্রধানমন্ত্রী মোদির ভিডিও মুছে ফেলার ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে অভিহিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে মেটার কর্মকর্তাদের আগামীতে আবারও তলব করা হতে পারে।
সূত্রের বরাতে বুধবার (৫ আগস্ট) এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
আপনার মতামত লিখুন :