
সুনামগঞ্জ পৌর শহরের ব্যস্ততম ডি এস রোডের ষোলঘর এলাকায় সড়ক প্রশস্ত করার সময় মাঝখানে চারটি বিদ্যুতের খুঁটি রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের মাঝখানে এই খুঁটিগুলো থাকার কারণে গত দেড় বছরে অন্তত শতাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের খুঁটিটি নিয়মিত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তারা জানিয়েছেন।
স্থানীয় রিকশা ও অটোরিকশাচালকেরা জানান, হঠাৎ সড়কের মাঝখানে খুঁটি পড়ে থাকায় অনেক সময় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি যাত্রী ও পথচারীদের জীবনও চরম ঝুঁকির মুখে পড়ছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার নেতারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও বিদ্যুৎ বিভাগ ও পৌরসভা একে অপরের ওপর দায় চাপাচ্ছে।
অভিযোগের বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, খুঁটিগুলো অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, তবে খরচ-সংক্রান্ত জটিলতার কারণে কাজটি এখনো সম্পন্ন হয়নি। তিনি খুঁটি সরানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ জানিয়েছেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া মাত্রই জনস্বার্থে দ্রুত খুঁটিগুলো অপসারণ করা হবে।
আপনার মতামত লিখুন :