
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি গ্রেড-১ পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। এই নিয়োগের ফলে তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব পাওয়া মো. মাহবুবুল আলমের স্থলাভিষিক্ত হলেন। মাহবুবুল আলমকে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, তবে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
নতুন মহাপরিচালক হিসেবে কাজী জেসিনের নিয়োগের শর্তে বলা হয়েছে, এই দায়িত্ব পালনের সময় তিনি অন্য কোনো পেশা, ব্যবসা, সরকারি কিংবা আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।
উল্লেখ্য যে, কাজী জেসিন সাংবাদিক ও কবি হিসেবে পরিচিত। তিনি তার দীর্ঘ কর্মজীবনে দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন ও যমুনা টিভিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আপনার মতামত লিখুন :