Facebook Twitter Instagram YouTube

দুর্ঘটনায় আহতদের সব হাসপাতালে জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ /
দুর্ঘটনায় আহতদের সব হাসপাতালে জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

সড়ক দুর্ঘটনাসহ যেকোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালত তার রায়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসার বিধান অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দুর্ঘটনায় আহত রোগীদের প্রাথমিক ও জরুরি চিকিৎসা প্রদানের বিষয়ে সার্কুলার জারির নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জীবন রক্ষায় দ্রুত চিকিৎসা দেওয়া অপরিহার্য এবং কোনো হাসপাতাল বা ক্লিনিক দুর্ঘটনায় আহত রোগীকে ফিরিয়ে দিতে পারে না। মামলার বিবাদীদের তালিকায় স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও বিএমডিসি প্রেসিডেন্টসহ মোট ১২ জন রয়েছেন।

ক্ষতিপূরণের বিষয়ে আদালত জানিয়েছেন, সালাউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনের দাবি জানালেও বিষয়টি তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। তবে ক্ষতিগ্রস্ত পরিবার আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ জানুয়ারি রাজধানীর সায়দাবাদে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হন খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম। তাকে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার পর সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেছিল। দীর্ঘ শুনানির পর আদালত এই রায় ঘোষণা করলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din