Facebook Twitter Instagram YouTube

আন্তর্জাতিক মানের তিনটি একাডেমিক জার্নাল প্রকাশ করল আইএসইউ


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ /
আন্তর্জাতিক মানের তিনটি একাডেমিক জার্নাল প্রকাশ করল আইএসইউ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) আন্তর্জাতিক মানের তিনটি নতুন পিয়ার-রিভিউড একাডেমিক জার্নাল প্রকাশ করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশনস (সিআরডিপি)-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জার্নালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রকাশিত জার্নাল তিনটি হলো—‘আইএসইউ জার্নাল অব ইংলিশ স্টাডিজ’ (JES), ‘আইএসইউ জার্নাল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ (JET) এবং ‘আইএসইউ জার্নাল অব বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ (JBDS)। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এই প্রকাশনাগুলো বিশ্বব্যাপী গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের কাছে সহজে পৌঁছাতে সক্ষম হবে এবং আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে অধিকতর গ্রহণযোগ্যতা লাভ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গবেষণা ও আন্তর্জাতিক মানের একাডেমিক প্রকাশনার কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়ের গবেষণাবান্ধব পরিবেশ তৈরিতে এই জার্নালগুলো বৈশ্বিক পরিমণ্ডলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

সিআরডিপির পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, গবেষণা ও প্রকাশনার মানের মধ্যেই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি প্রতিফলিত হয়, যা বৈশ্বিক জ্ঞানচর্চায় আইএসইউর সংযোগকে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, আইকিউএসি পরিচালক, রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy