
বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে ৯৩টি নিবন্ধিত ক্লাবকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সনদপত্রগুলো বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ফেডারেশনের নবসজ্জিত অফিস কক্ষের শুভ উদ্বোধনও সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান, এনডিসি। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। এছাড়া ফেডারেশনের সহ-সভাপতি এস এম শহিদুল হক ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেলও বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ দৌলতুজ্জামান খান দেশে উশু খেলার প্রসার এবং তৃণমূল পর্যায়ে এর বিস্তারে নিবন্ধিত ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সুশৃঙ্খল ও কার্যকর ক্লাব ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উশু অঙ্গন আরও শক্তিশালী হবে এবং এটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য অর্জনের পথকে আরও সুগম করবে।
ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া এই সনদ প্রদানকে সাংগঠনিক কার্যক্রমের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি দেশের উশু খেলার সম্প্রসারণে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও ক্লাবের প্রতিনিধি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং উশু অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :