
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ২০০৩ সালের পর প্রথমবারের মতো দেশটিতে টেস্ট খেলতে নামা টাইগাররা বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস হেরেছে। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
টস হারলেও হতাশ নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, উইকেটে থাকা প্রাথমিক আর্দ্রতাকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলার পরিকল্পনা রয়েছে তাদের। এই ম্যাচে বাংলাদেশ বোলিং আক্রমণে তিন পেসার ও দুই স্পিনারকে রেখেছে। পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের সঙ্গে স্পিন আক্রমণে দায়িত্ব পালন করবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে থাকছেন সাদমান ইসলাম, আর মিডল অর্ডারে মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস দায়িত্ব সামলাবেন।
প্রায় আট মাস পর টেস্টে ফিরছে অস্ট্রেলিয়া, দলের নেতৃত্বে আছেন প্যাট কামিন্স। চোট কাটিয়ে দলে ফিরেছেন জশ হ্যাজলউড। তবে বাদ পড়েছেন গত অ্যাশেজে ৩১ উইকেট নেয়া স্কট বোল্যান্ড। এক বছরেরও বেশি সময় পর কামিন্স, স্টার্ক ও হ্যাজলউড একসঙ্গে খেলছেন, যারা অস্ট্রেলিয়ার পেস আক্রমণের মূল শক্তি। অস্ত্রোপচারের পর ফিরেছেন স্পিনার নাথান লায়ন। অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার, আর ব্যাটিংয়ে মূল ভরসা ট্রাভিস হেড, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ।
এই সিরিজে বেশ কিছু ব্যক্তিগত মাইলফলকের হাতছানি রয়েছে। মুশফিকুর রহিম ৭ হাজার টেস্ট রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। স্টিভ স্মিথের সামনে সুযোগ রয়েছে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করার। এছাড়া জশ হ্যাজলউড ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক থেকে মাত্র ৫ উইকেট দূরে আছেন। মিচেল স্টার্কও রেকর্ডের দ্বারপ্রান্তে; ৯ উইকেট পেলে তিনি কপিল দেবের ৪৩৪ উইকেট এবং ১০ উইকেট পেলে ডেল স্টেইনের ৪৩৯ উইকেটকে ছাড়িয়ে যাবেন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, লিটন দাস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেইক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।
আপনার মতামত লিখুন :