
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গজনিত সমস্যায় আক্রান্ত হয়েছে এক হাজার ২৫ জন শিশু। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয় এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৮৬ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশু মারা গেছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৮৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং ৯৪১ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। একই সময়ে ৮৭৯ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৮৪৭ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১২৫ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া মোট এক লাখ ২১ হাজার ১৩ জন শিশুর মধ্যে এক লাখ ১৬ হাজার ৮২৭ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।
আপনার মতামত লিখুন :