Facebook Twitter Instagram YouTube

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কটিয়াদীতে তড়িঘড়ি সড়ক সংস্কার


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ /
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কটিয়াদীতে তড়িঘড়ি সড়ক সংস্কার

কিশোরগঞ্জের কটিয়াদীর ভোগপাড়া মোড়ে বুধবার সকাল ৯টা ১১ মিনিটে সেখানে গিয়ে দেখা যায়, সড়কের পাশাপাশি হেলিপ্যাডেও সংস্কারকাজ চলছে। এর মধ্যেই ১০ থেকে ১২ জনের দল বেঁধে শ্রমিকেরা কাজ করছেন। তড়িঘড়ি করে ইটের খোয়া ও বালুর প্রলেপ দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে। আগামী রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে এই তোড়জোড় চলছে। কাজের তদারকি করছিলেন ঠিকাদারের প্রতিনিধি রতন মিয়া। রাস্তার বড় বড় গর্তে এভাবে জোড়াতালি দেওয়া টিকবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগে প্রধানমন্ত্রী যাক, পরে ভালো-মন্দ বোঝা যাবে।’

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জ সদরের পাশাপাশি কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় দুটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন। এই তথ্য নিশ্চিত করে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সড়ক সংস্কারের কাজ দ্রুতগতিতে চলছে। তবে দীর্ঘদিন ধরে বেহাল এই সড়ক নিয়ে স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকদের মনে কোনো আস্থা নেই। তাঁদের মতে, এই সংস্কার কেবলই এক দিনের জন্য।

বুধবার কটিয়াদী থেকে পাকুন্দিয়ার বটতলা বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে, স্থানে স্থানে ছোট-বড় অসংখ্য গর্তে বৃষ্টির পানি জমে আছে। এরপর কী হইব, আল্লাহ জানেন।’ মধ্যমান্দারকান্দীর মা-বাবা ভ্যারাইটিজ স্টোরে অন্তত ১০ জন স্থানীয় লোক বসে ছিলেন। বৃষ্টির পানিতে বালুর প্রলেপ দেওয়া অংশগুলো আরও বিপজ্জনক ও পিচ্ছিল হয়ে উঠেছে। পাকুন্দিয়ার মধ্যমান্দারকান্দী এলাকায় পিচ দিয়ে কয়েকটি গর্ত ভরাট করা হয়েছে। স্থানীয় রিকশাচালক লিয়াকত আলী বলেন, ‘পুরো সড়ক ফুটো হয়ে গেছে। যে কাজ দেখতাসি, তা সংস্কারের ছিডাও না। এই ছিডা দিয়া ১৬ তারিখ পর্যন্ত চলব।’

দীর্ঘদিন ধরে এই সড়কে বাস চালানো জলসিঁড়ি পরিবহনের চালক আবুল কাইয়ুম বলেন, ‘অত দিন খবর নাই, এহন দেখি ঘুম নাই। দিনেও কাজ করে, রাতেও কাজ করে। রাস্তার পাশে বড় বড় যন্ত্র। প্রথমে এত তড়িঘড়ির কারণ বুঝি নাই। পরে বুঝলাম, প্রধানমন্ত্রী আইব।’ মেরাতলা অংশের দোকানি আবদুল আমিন মুন্সি জানান, প্রধানমন্ত্রী না আসলে এই গর্তগুলো ভরাট করতে অনেক সময় নেওয়া হতো।

ভৈরব সড়ক উপবিভাগ সূত্র জানায়, ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কটিয়াদী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ সদর এবং নরসিংদীর মনোহরদী, শিবপুরসহ আশপাশের এলাকার মানুষের ঢাকা যাতায়াতে প্রায় ১৩ কিলোমিটার দূরত্ব কমে। বেতাল বাজারে এরই মধ্যে ৩৬০ মিটার আরসিসি সড়ক করা হয়েছে। কটিয়াদী অংশের সাড়ে ১২ কিলোমিটার মেরামতের জন্য গত ২ এপ্রিল মেসার্স দাস ট্রেডার্সকে ১৬ কোটি ৯১ লাখ ২৩ হাজার ১১৪ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। ৪৫ জন শ্রমিক নিয়ে কাজ চলছে। প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক অরবিন্দ কুমার দাস জানান, কাজের গতি বাড়ানো হয়েছে এবং শুধু বালু-খোয়া নয়, কার্পেটিংও করা হচ্ছে। ভৈরব সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সফরের জন্য জরুরি ভিত্তিতে এই মেরামতকাজ করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo