Facebook Twitter Instagram YouTube

৩০ আগস্ট লালদিয়ায় আধুনিক গ্রিন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ /
৩০ আগস্ট লালদিয়ায় আধুনিক গ্রিন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন

নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ৩০ আগস্ট ডেনমার্কের সহায়তায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এটি একটি আধুনিক ও পরিবেশবান্ধব গ্রিন টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে, যেখানে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় থাকবে।

বৃহস্পতিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের (APM Terminals) প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এই টার্মিনালের ক্রেনগুলো অফিস থেকে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে, যা বন্দরের কর্মদক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে। এছাড়া, এই প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা হবে।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এই টার্মিনাল নির্মাণের ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তিনি ডেনমার্কের প্রযুক্তিগত উৎকর্ষতার প্রশংসা করে বাংলাদেশের বন্দর অবকাঠামোর আধুনিকায়নে দেশটির বিনিয়োগকারীদের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে এপিএম টার্মিনালসের প্রতিনিধিরা বন্দর ও টার্মিনাল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তারা টার্মিনালটির ব্যবস্থাপনা দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এপিএম টার্মিনালসের সিইও উপস্থিত ছিলেন।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২৩: ২৪আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২৩: ২৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh