Facebook Twitter Instagram YouTube

মুলাদীতে সরকারি অনুদানের তালিকা নিয়ে ইমামকে হাতুড়িপেটা


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ /
মুলাদীতে সরকারি অনুদানের তালিকা নিয়ে ইমামকে হাতুড়িপেটা

বরিশালের মুলাদী উপজেলায় সরকারি অনুদানের তালিকায় মুয়াজ্জিনের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধের জেরে এক মসজিদের ইমামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট সিকদারবাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে।

আহত ইমামের নাম মুফতি মাহফুজুর রহমান (২৯), যিনি কাজিরচর ইউনিয়নের বড়ইয়া গ্রামের মোশাররফ হোসেন রাড়ীর ছেলে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্তরা হলেন ডিক্রীরচর গ্রামের বাসিন্দা মিজান সিকদার (৪৫) এবং তার ছেলে রাকিব সিকদার (১৮)।

স্থানীয় ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, সরকারি অনুদান প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তালিকা চাওয়া হয়। প্যাদারহাট সিকদারবাড়ি বাইতুল ইজ্জত জামে মসজিদের ইমাম মাহফুজুর রহমান ওই তালিকার জন্য নূরে আলম সিকদার নামে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির নাম পাঠান। এ বিষয়টিতে ক্ষিপ্ত হন একই পদে তালিকাভুক্ত হতে আগ্রহী রাকিব সিকদার ও তার বাবা মিজান সিকদার। মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে ইমামের সাথে তাদের কথাকাটাকাটি হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মুসল্লিদের ভাষ্যমতে, বুধবার ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই মিজান ও তার ছেলে রাকিব ইমামের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে ইমামকে গুরুতর আহত করেন।

আহত ইমাম মুফতি মাহফুজুর রহমান জানান, তাদের মসজিদে নির্দিষ্ট বেতনভুক্ত মুয়াজ্জিন নেই। নূরে আলম সিকদার ও রাকিব সিকদার উভয়েই সুযোগ বুঝে আজান দেন। তবে নূরে আলম বয়োজ্যেষ্ঠ হওয়ায় মসজিদ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তার নামই তালিকায় পাঠানো হয়েছিল।

বুধবার বিকেলে আহত ইমামের বাবা মোশাররফ হোসেন রাড়ী বাদী হয়ে মিজান সিকদার ও রাকিব সিকদারকে আসামি করে মুলাদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সোহেল রানা জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh