Facebook Twitter Instagram YouTube

দিল্লিতে হাসিনার বক্তব্য ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ /
দিল্লিতে হাসিনার বক্তব্য ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম

দিল্লিতে আয়োজিত এক কনফারেন্সে শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রকারান্তরে ভারত সরকারের ভাষ্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আমরা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ব্যস্ত ছিলাম, তখন একটা ঘটনা ঘটে গিয়েছে। দিল্লিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারী শেখ হাসিনা আশ্রিত থাকা অবস্থায় একটি প্রেস কনফারেন্স করেছেন। তার মতে, আওয়ামী লীগ ও শেখ হাসিনা যা বলছেন, তা শুধু তাদের নয় বরং ভারত সরকারের ভাষ্য।

তিনি ভারতের সেভেন সিস্টার্সের কোনো স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় প্রেস কনফারেন্স করলে বাংলাদেশ সরকার যদি বলে যে এটার দায় আমাদের না, তবে তা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না—এমন উদাহরণ টেনে বলেন, দিল্লির প্রেস কনফারেন্স অবশ্যই ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই হয়েছে।

তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটা নিরূপণ না হওয়ার আগে প্রধানমন্ত্রীর দিল্লি সফর করা উচিত হবে না। হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া কী হবে সেটা ঠিক না করে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়া উচিত হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার কথা জানিয়েছিলেন। তবে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে এ বিষয়ে কোনো কিছু পাওয়া যায়নি। নাহিদ ইসলাম বলেন, ভারত সরকার কীভাবে বাংলাদেশকে ট্রিট করবে সেটা আমরা জানি, কিন্তু বর্তমান সরকার কী ব্যবস্থা নেবে এবং আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে সেটাকে কীভাবে মোকাবিলা করব, সেই ঐক্যের জায়গা আমাদের খুঁজে বের করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin