Facebook Twitter Instagram YouTube

যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ /
যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব আসার সুর বাজছে। যেকোনো মুহূর্তে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। ছাত্ররাজনীতির সোনালী অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাকিব তার পোস্টে লিখেছেন, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।

তিনি তার দায়িত্ব পালনকালে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সদ্য পদত্যাগ করা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের দিকনির্দেশনা ও সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিজের মেয়াদে রাকিব-নাছির কমিটির ভূমিকা তুলে ধরে ছাত্রদল সভাপতি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে বীরোচিত ভূমিকা পালন, পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে ‘মব’ মোকাবিলা করা এবং কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়িয়ে সততার সঙ্গে নেতৃত্ব দেওয়াই ছিল তাদের প্রধান অর্জন। দায়িত্ব পালনকালে নিজের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন রাকিব এবং নিজের নতুন জীবনের জন্য সবার দোয়া চেয়েছেন। একই সঙ্গে, ছাত্রদলের রাজপথের এই দীর্ঘ পথচলাকে আরও সুসংগঠিত করতে যার হাতেই আগামী দিনের নেতৃত্ব আসুক না কেন, নতুন সেই কমিটিকে যেন সবাই সাদরে গ্রহণ করেন এমন প্রত্যাশা ব্যক্ত করেই নিজের বার্তার ইতি টানেন এই বিদায়ী ছাত্রনেতা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor