
এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিদ্যমান প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের সব পাবলিক পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত একটি নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ইতোমধ্যে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। এত বিপুলসংখ্যক আবেদনের খাতা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। এই চাপ সামলাতে এবং প্রক্রিয়াটিকে আরও সুনির্দিষ্ট করার লক্ষ্যেই নতুন নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নীতিমালার মাধ্যমে কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা যাবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হবে।
একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগের কথাও জানান। এছাড়া তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মানোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। দেশের বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন, কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান এবং কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :