Facebook Twitter Instagram YouTube

১ কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ: ইউজিসি সদস্য মামুন


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ /
১ কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ: ইউজিসি সদস্য মামুন

দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সরকারি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৪২টি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় ও এসব প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞাননির্ভর গ্র্যাজুয়েট তৈরি করাই যথেষ্ট নয়, বরং তাদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতাসম্পন্ন করে গড়ে তোলা প্রয়োজন। শিল্পখাতের চাহিদা অনুযায়ী জনবল তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইউজিসি কাজ করছে। ২০৩০ সালের মধ্যে কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষা, সফট স্কিলস প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার সেন্টারের কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে কর্মক্ষেত্রের চাহিদা বুঝে নিজেদের প্রস্তুত করতে পারবে, যা ভবিষ্যতে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্ভাবন তহবিল ও স্টার্টআপ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্প ও অর্থনীতির সংযোগ আরও শক্তিশালী হবে। তিনি আরও জানান, সরকারের কর্মসংস্থান পরিকল্পনায় তথ্যপ্রযুক্তি, বৈদেশিক কর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে ৮০০ কোটি টাকার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin