Facebook Twitter Instagram YouTube

তিন জেলায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাস সার্ভিস চালু


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ /
তিন জেলায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাস সার্ভিস চালু

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিন জেলায় বিআরটিসি বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

প্রাথমিকভাবে মোট ১৪টি বাস নিয়ে ১৩টি রুটে এই সেবা কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১০টি, চট্টগ্রামে ২টি এবং বগুড়ায় ২টি বাস চলাচল করবে। বিআরটিসির তথ্য অনুযায়ী, ঢাকায় ১০টি রুটে পরিচালিত ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই বিশেষ সার্ভিসের মাধ্যমে ঢাকা মহানগরীর ১০৬টি, চট্টগ্রামের ১২টি এবং বগুড়ার ১৬টিসহ সর্বমোট ১৩৪টি স্টপেজে নারী যাত্রীদের পরিবহন সেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, কেবল বাসে ওঠার পর নয়, বরং বাসের জন্য অপেক্ষার সময় এবং বাস থেকে নামার সময়ও নারীদের জন্য নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি। বাসে ওঠা-নামার সময় হয়রানি, অস্বস্তি কিংবা অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হলে গণপরিবহন ব্যবহারে নারীদের আগ্রহ কমে যায়। তাই এই বিশেষ বাস সার্ভিস নারীদের যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin