Facebook Twitter Instagram YouTube

লালমোহনে টমটমের চাপায় প্রাণ গেল স্কুলছাত্র জিসানের


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ /
লালমোহনে টমটমের চাপায় প্রাণ গেল স্কুলছাত্র জিসানের

ভোলার লালমোহনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টমটমের চাপায় জিসান (৭) নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জিসান স্থানীয় গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত। মন্দিরের ক্লাস শেষে ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত টমটম তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া ঘটনাটি পুলিশকে অবগত করেছেন। ঘাতক টমটমটি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। ওসি আরও বলেন, শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এসে আইনগত ব্যবস্থা নিলে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি পরিবারকে শিশুটির মৃত্যুসনদ সংগ্রহ করে রাখার পরামর্শ দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy