
দিনাজপুরের নবাবগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬১০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বা অ্যাম্পলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা-পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদুরিয়া পেট্রলপাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নবাবগঞ্জ উপজেলার পরানদিঘী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৬) এবং মতিহারা সরদারপাড়া গ্রামের আনিছার রহমানের ছেলে জহুরুল ইসলাম সাদ্দাম (৩২)।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনভোলা চন্দ্র দাস জানান, আসামিরা ভাদুরিয়া পেট্রলপাম্পের নিকট দূরপাল্লার একটি বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে তল্লাশি চালায়। তাদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৬১০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন।
এই ঘটনায় মঙ্গলবার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :