Facebook Twitter Instagram YouTube

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম, সংস্কারের উদ্যোগ কারা অধিদপ্তরের


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ /
বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম, সংস্কারের উদ্যোগ কারা অধিদপ্তরের

‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তন করে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইজি প্রিজনস বলেন, আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের আইন ও বিধিবিধান যুগোপযোগী করার কাজ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস অ্যাক্ট’-এর একটি খসড়া প্রণয়ন করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য পেশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কারা নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যায় এবং এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এর মধ্যে কেবল নরসিংদী কারাগার থেকেই ৮২৬ জন বন্দি পালিয়ে গিয়েছিল। এখন পর্যন্ত ১ হাজার ৫৮৭ জন বন্দিকে গ্রেপ্তার করা হয়েছে বা তারা আত্মসমর্পণ করেছেন। তবে এখনো ৬৯০ জন বন্দি পলাতক রয়েছেন, যাদের মধ্যে ১৬৬ জনের পূর্ণাঙ্গ তথ্য এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কারাবন্দি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিশেষ সুবিধা বা ফোনে কথা বলার সুযোগ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আইজি প্রিজনস বলেন, কাউকে কোনো ধরনের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না। গত এক বছরে কারাগার থেকে ৩ হাজারের বেশি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং এ ধরনের অনিয়মের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh