
চীনের সম্মানজনক ‘ইয়ানান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ’-এর আওতায় ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী শিউলী আক্তার সূচী। এই বৃত্তির মাধ্যমে তিনি ইয়ানান বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে ২-৩ বছর মেয়াদী স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করবেন। ইয়ানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই অর্থায়ন দিয়ে থাকে।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মাধ্যমে প্রথম এই স্কলারশিপের খোঁজ পেয়ে নিজেকে যাচাই করার উদ্দেশ্যে আবেদন করেছিলেন শিউলী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত চারজন আবেদনকারীর সাক্ষাৎকার বা ভাইভা অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে প্রায় ২৮-৩০টি দেশের দুই শতাধিক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চবি থেকে একমাত্র শিউলী আক্তার সূচীই এই স্কলারশিপে চূড়ান্তভাবে মনোনীত হন।
নিজের এই সাফল্যের পেছনে একাডেমিক ভালো ফল ও গবেষণার অভিজ্ঞতার কথা জানান শিউলী। প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত তিনি সিজিপিএ ৩.৫০-এর উপরে ধরে রেখে ব্যাচে প্রথম থেকে পঞ্চম স্থানের মধ্যে ছিলেন। তিনি উল্লেখ করেন, “উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে হলে একাডেমিক বিষয়ে গভীর ধারণা ও ভালো সিজিপিএ থাকা অত্যন্ত জরুরি।”
মায়ের শিক্ষকতার পেশায় অনুপ্রেরণা থাকলেও নিজের একাডেমিক পারফর্ম্যান্স ও বিভিন্ন সেমিনারের অভিজ্ঞতায় পরবর্তীতে গবেষণাকেই মূল লক্ষ্য হিসেবে বেছে নেন তিনি। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) অত্যন্ত জনপ্রিয় হওয়ায় এআই ও সংস্কৃতির মধ্যকার সম্পর্ক নিয়ে গবেষণা করছেন শিউলী। যাতে মানুষ প্রযুক্তির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ না হারিয়ে মানবসত্তা ধরে রাখতে পারে, তা নিয়ে তিনি কাজ করছেন। ভবিষ্যতে ইউরোপের বিখ্যাত গবেষকদের সাথে যুক্ত হয়ে বিশ্বমানের কাজ করার স্বপ্ন দেখেন চবির এই মেধাবী শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :