Facebook Twitter Instagram YouTube

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ /
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে মহাসড়কের আমতলী থেকে চান্দিনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এই যানজট ছড়িয়ে পড়ে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামমুখী দূরপাল্লার বাসের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের আমতলী এলাকার চট্টগ্রামমুখী লেনে প্রায় আধা কিলোমিটার সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এই খানাখন্দের কারণে যানবাহনগুলোর গতি থমকে যাচ্ছে। সড়ক বিভাগ থেকে এই অংশে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী কোনো সমাধান না করায় উভয় অংশেই নতুন করে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এদিকে দীর্ঘ যানজটে পড়ে অনেক যানবাহন উল্টোপথে চলাচল শুরু করায় বেশ কিছু জায়গায় উভয়মুখী লেনেও যানজট ছড়িয়ে পড়েছে।

এই যানজটের কারণে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন বাসের চালক শামিম আহমেদ জানান, চান্দিনা থেকে আমতলী পর্যন্ত মাত্র ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে তার প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। সকাল থেকেই বাসের যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। একই ধরনের অভিজ্ঞতার কথা জানান ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন বাসের যাত্রী ইকবাল হোসেন। তিনি বলেন, চান্দিনা স্টেশন পার হওয়ার পর থেকেই তারা যানজটে আটকা পড়েন। আমতলী এলাকা পার হতে বাসে বসেই তার সাড়ে তিন ঘণ্টা সময় কেটে গেছে। এই এলাকাটি এখন তাদের যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম জানান, আমতলী এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনেই ব্যাপক খানাখন্দ তৈরি হয়েছে। সম্প্রতি ঢাকামুখী লেনে কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী লেনে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন।

কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে এবং চট্টগ্রামমুখী লেনেও দ্রুত সংস্কার কাজ শুরু করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor